logo

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার
মাজহারুল শেখ। ছবি : সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে পরিচিত এবং ১২ মামলার আসামি মাজহারুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলা পশ্চিম রাজৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাজহারুল শেখ (৩৫) রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।

রাজৈর থানা সূত্রে জানা গেছে, মাজহারুল শেখ দীর্ঘদিন ধরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, ভাঙচুর ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে। রাজৈর থানায় গত ৩১ মে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি তিনি। পরে তাকে মঙ্গলবার (১০ জুন) আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, মাজহারুল শেখকে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।