logo

নারায়ণগঞ্জ জেলা কারাগারের কারাবন্দির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারের কারাবন্দির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মো. সজীব আহমেদ (২৫) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সজীব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সজীব বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগেও তাকে নারায়ণগঞ্জ হাসপাতালে ২-১ বার চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল।

জেল সুপার আরও বলেন, সজীবের ওজন বেশি হওয়ায় তার রক্তচাপজনিত সমস্যা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কারাগার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভলবার ও গুলিসহ সজীবকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।