logo

ভাতিজার হাতে চাচা নিহতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে জনতার আগুন

ভাতিজার হাতে চাচা নিহতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে জনতার আগুন
ভাতিজার বাড়িতে আগুন দেয় জনতা। ছবি: এশিয়া পোস্ট

শেরপুরে জমি-জমা বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ভাতিজার বাড়িতে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা।

রোববার (৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। আর রাতে আগুনের ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী (৬৫) ওই এলাকার মৃত টন মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাজিরচর গ্রামের জিন্নাত আলীদের সঙ্গে তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুল ইসলামদের বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জসিমসহ কয়েকজন জিন্নাত আলীকে কিল-ঘুসি ও ধাক্কা দিলে চাচা মাটিতে লুটিয়ে পড়েন।

পরে দ্রুত তাকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিন্নাতকে মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ জনতা ভাতিজাদের বাড়িতে অগ্নিসংযোগ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।