নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, নিহত ১

রংপুরের তারাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে ‘এআর ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।
