ষাটগম্বুজ মসজিদে হবে ঈদুল আজহার তিন জামাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও বাগেরহাটের প্রধান জামায়াত হবে বিশ্ব ঐতিহ্যের অংশ ষাটগম্বুজ মসজিদে। মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কথা বিবেচনায় সেখানে তিনটি পৃথক জামাতের আয়োজন করা হয়েছে।
প্রথম জামাত হবে বুধবার (২৬ মে) সকাল ৭টায়। এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় হবে। এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাত সকাল ৯টায় হবে। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।
ঈদের জামায়াত ও কোরবানি কেন্দ্র করে জেলা প্রশাসন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মসজিদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য পুরো এলাকাজুড়ে দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে; যা রাতের বেলায় সৃষ্টি করছে এক অনন্য আবহ।
বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, বাগেরহাট জেলার প্রধান ঈদুল আজহার জামাত ষাটগম্বুজ মসজিদে হবে। এবারও তিনটি জামাতের আয়োজন করা হয়েছে। তিন জামাতে প্রায় ছয় হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদের ভেতরে এক সঙ্গে প্রায় দেড় হাজার এবং বাইরে আরও পাঁচ শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
জেলা শহর ও উপজেলা সদরের বেশিরভাগ জামে মসজিদেও সকাল ৭টায় জামাত হবে। এর মধ্যে রয়েছে বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, আলীয়া মাদ্রাসা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ, খানজাহান আলী (রহ.) মাজার-দরগাহ জামে মসজিদ, নাগের বাজার হাজী আরিফ জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদ এবং সরুই মাদ্রাসা জামে মসজিদ।
জানা গেছে, বাগেরহাটে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা এবং বাংলা ও আরবি হরফে ‘ঈদ মোবারক’ খচিত পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, ছোটমনি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, আশ্রয়কেন্দ্র ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীদের জন্য জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে বিনা টিকিটে প্রবেশের সুযোগ থাকবে।
