নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলাজুড়ে এসব বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার ও আটকের পর সুধারাম মডেল থানায় ২৯ জন, হাতিয়া থানায় ২৯ জন, কোম্পানীগঞ্জ থানায় ১০ জন, বেগমগঞ্জ মডেল থানায় ২০ জন, সেনবাগ থানায় ২১ জন, চাটখিল থানায় ৮ জন, চরজব্বর থানায় ১০ জন, সোনাইমুড়ী থানায় ২২ জন এবং কবিরহাট থানায় ১১ জনকে মুচলেকা নিয়ে স্ব-স্ব অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া কোম্পানীগঞ্জ থানায় ৩৪ ধারায় ৪ জন ও নিয়মিত মামলায় ১ জন এবং সোনাইমুড়ী থানায় ৩৪ ধারায় ৩ জন ও নিয়মিত মামলায় ৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা ও অপতৎপরতা রুখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।
