logo
Advertisement

এক ইলিশের দাম ১৬ হাজার টাকা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
পাথরঘাটা, বরগুনা
এক ইলিশের দাম ১৬ হাজার টাকা
পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিলামে বিক্রি হওয়া ২ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ। ছবি: এশিয়া পোস্ট

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র ঘাটে একটি ইলিশ বিক্রি হয়েছে ১৫ হাজার ৯৩০ টাকায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। এর আগে বুধবার রাতে বলেশ্বর নদী থেকে মাছটি ধরেন পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা এলাকার বাসিন্দা আলতাফ হোসেন মাঝি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বলেশ্বর নদীতে ইলিশ শিকারের জন্য জাল ফেলেছিলেন আলতাফ মাঝি। নির্দিষ্ট সময় পর জাল তুলতে গিয়ে দেখতে পান বড় আকারের একটি ইলিশ ধরা পড়েছে। মাছটির ওজন ছিল ২ কেজি ৭০০ গ্রাম।

বৃহস্পতিবার সকালে মাছটি বিক্রির জন্য দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিয়ে আসা হয়। প্রকাণ্ড ইলিশটি দেখতে সেখানে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়।

পরে প্রকাশ্যে নিলামে মেসার্স নিউ আল আমিন ফিশের পাইকার মো. পলাশ মাছটি প্রতি মণ ২ লাখ ৩৬ হাজার টাকা দরে কিনে নেন। সেই হিসাবে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটির দাম দাঁড়ায় ১৫ হাজার ৯৩০ টাকা।

মাছটির ক্রেতা পলাশ জানান, বাজারে বড় ইলিশের বেশ ভালো চাহিদা রয়েছে। বাড়তি লাভের আশায় মাছটি বিক্রির জন্য খুলনার বাজারে পাঠানো হবে। তবে গত বছরের তুলনায় এবার বড় ইলিশ পাওয়ার সংখ্যা কম বলেও জানান তিনি।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এত বড় ইলিশ সচরাচর জেলেদের জালে ধরা পড়ে না। তাই বড় আকারের ইলিশ পাওয়া নিশ্চয়ই জেলেদের জন্য আনন্দের খবর। বর্তমানে সাগর ও নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না সত্য, তবে আশা করছি সামনের দিনগুলোতে মাছের পরিমাণ বাড়বে।