logo

ফেনীতে বাবার রিকশা নিয়ে বের হয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

ফেনীতে বাবার রিকশা নিয়ে বের হয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ
নিখোঁজ মাদ্রাসাছাত্র মাশুকুর রহমান ইমন। ছবি : এশিয়া পোস্ট

ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকা থেকে বাবার ব্যাটারিচালিত ‘মিশুক’ রিকশা নিয়ে বের হয়ে মাশুকুর রহমান ইমন (১৫) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পরিবার। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মাদ্রাসা থেকে ফিরে বাবার রিকশাটি নিয়ে বের হয় ইমন। এরপর রাত গড়িয়ে গেলেও আর ঘরে ফেরেনি সে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের সন্তান ইমন পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ জোগাতে মাঝেমধ্যে বাবা মো. শহীদুল ইসলামের (সুজন) মিশুক রিকশাটি চালাত। গতকাল বিকেলে গাড়িটি নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান মেলেনি। জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ অনুসন্ধানে নেমে ফেনীর ফতেহপুর এলাকায় রাস্তার পাশ থেকে ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় রিকশাটি উদ্ধার করেছে। তবে ইমনের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে ইমনের বাবা শহীদুল ইসলাম বলেন, আমার ছেলে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। বিকেলে আমাকে গাড়ি চালিয়ে একটু সাহায্য করত। সোমবার বিকেলে গাড়ি নিয়ে বের হয়ে সে আর ফেরেনি। আমরা সব জায়গায় খোঁজখবর নিলেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে থানায় জিডি করেছি।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ জানান, ছেলেটি নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ আসার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারি ছাড়া রিকশাটি উদ্ধার করে। নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধানে পুলিশ কাজ করছে।