এশিয়া এনার্জির দৃষ্টি এখনও ফুলবাড়ী থেকে সরেনি: আনু মুহাম্মদ

অর্থনীতিবিদ ও গবেষক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, এশিয়া এনার্জির দৃষ্টি এখনও ফুলবাড়ী থেকে সরেনি। তারা ফুলবাড়ীর জনগণকে দেখে না; ফুলবাড়ীর ভূপৃষ্ঠের বিশাল প্রাকৃতিক সম্পদ, গাছপালা, মাটি, পানি, বায়ু—এসবও দেখে না। তাদের ললুপ দৃষ্টি শুধু ফুলবাড়ীর কয়লার দিকে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চবিদ্যালয় সভাকক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজিত ফুলবাড়ী গণ-অভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এশিয়া এনার্জি প্রসঙ্গে আনু মুহাম্মদ বলেন, এই মুনাফাখোরদের চোখে আর কোনো কিছু চোখে পড়ে না। তাদের ভয়ংকর রকমের প্রকল্প মোকাবিলা করা ছাড়া জনগণের টিকে থাকার কোনো উপায় নেই। সেই লক্ষ্যে খুব দ্রুত নতুন নতুন কর্মসূচি আসবে। সর্বস্তরের মানুষ, তরুণ-যুবকদের নিয়ে লুটেরা শ্রেণির মোকাবিলা করা হবে।
ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প সম্পর্কে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কয়লাখনির দরকার নেই, আমাদের বিকল্প পথ আছে। উত্তরাঞ্চলের বিশাল প্রাকৃতিক সম্পদ, উর্বর জমি, পানি, প্রাণ-প্রকৃতি—এসব ধ্বংস করে কয়লা উত্তোলন কোনো শয়তান করতে পারে অথবা বোধশক্তি নেই এমন মানুষ করতে পারে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ প্রাকৃতিক এই বিশাল সম্পদ নষ্ট করে কয়লা তুলতে পারে না।
বিকল্প প্রসঙ্গে তিনি বলেন, বিকল্পভাবে কীভাবে পরিবেশবান্ধব উপায়ে কয়লা তোলা যায়, সে সম্পর্কে ২০০৬ সালে আমরা অনুসন্ধান করেছি, উপস্থাপন করেছি। পরবর্তী ২০ বছরে নবায়নযোগ্য জ্বালানি সারা বিশ্বে এত পরিমাণ বিকশিত হয়েছে, এর দাম কমেছে, এর ব্যবহার সহজ হয়েছে এবং এর প্রাপ্তি ও উৎপাদন বিকশিত হয়েছে। তারপরে কয়লাখনির মতো বিপজ্জনক কোনো কিছুর মধ্যে আর যাওয়ার দরকার নেই।
জ্বালানি সংকট মোকাবিলার কথা উল্লেখ করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ২০১৭ সালে আমরা জাতীয় কমিটির পক্ষ থেকে জ্বালানি সংকট মোকাবিলায় দুটি দিক বলেছিলাম বাংলাদেশে কম দামে বিদ্যুৎ পাওয়ার জন্য, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য। সেখানে আমরা বলেছিলাম, আমাদের নিজেদের গ্যাস অনুসন্ধান করার সক্ষমতা বাড়াতে হবে এবং জাতীয় সক্ষমতা ও জাতীয় প্রতিষ্ঠানের ভিত্তিতে আমাদের নবায়নযোগ্য জ্বালানির বিকাশ ঘটাতে হবে। এই দুটি জিনিসকে যদি আমরা সমন্বয় করতে পারি, তাহলে আমাদের কয়লার দরকার নেই।
তিনি আরও বলেন, আমরা সরকারের উদ্দেশে বলেছি, কয়লা উত্তোলন কিংবা এলএনজি আমদানির বদলে যেহেতু অনেক ভালো বিকল্প পথ আছে, সেই পথ অবলম্বন করা সরকারের দায়িত্ব। সরকার যদি এই পথ অবলম্বন না করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে প্রতিরোধ করা জনগণের দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্বই ফুলবাড়ীর জনগণ ২০০৬ সালে পালন করেছেন। ফুলবাড়ীর আন্দোলন শুধু ফুলবাড়ীর ছয় দফা রক্ষা করার আন্দোলন নয়। এটি সারা দেশের সম্পদ রক্ষার জাতীয় আন্দোলন।
এতে সভাপতিত্ব করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। কমিটির সদস্যসচিব জয়প্রকাশ গুপ্তর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থনীতিবিদ ও গবেষক অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান, নবায়নযোগ্য জ্বালানি গবেষক প্রকৌশলী মাহবুব সুমন, শিক্ষক ও গবেষক ড. মাহা মির্জা এবং স্থানীয় তেল-গ্যাস কমিটির সদস্য নুরুজ্জামান।
শেষে প্রজেক্টরের মাধ্যমে খনি প্রকল্পের বিষয় তুলে ধরা হয় এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ফুলবাড়ী খনি এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


