তিন মোটরসাইকেলের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৮

সদর উপজেলায় তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ।
এর আগে, সোমবার (২৪ আগস্ট) রাতে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার নতুন বিসিক এলাকা সংলগ্ন একটি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। আজ
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মহাসড়কের বিসিক এলাকায় তিনটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলগুলোর চালক ও আরোহীরা সড়কে ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া পাঁচজন হলেন—সদর উপজেলার সুপ্তি (২৮), শিবচরের খাদিজা (২০), সদরের সাব্বির হোসেন (৪০), শিশু আয়মান (৮) এবং আফজাল খান (২৪)। এ ছাড়া জাহিদ খানসহ (২২) তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



