logo

মাগুরা/আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা
। ছবি: এশিয়া পোস্ট

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৌফুলকান্দী পশ্চিমপাড়া এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর এবং মালামাল লুটের অভিযোগে একটি মামলা হয়েছে।

অন্যদিকে মামলার আসামিপক্ষও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। সর্বশেষ এক যুবকের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মৌফুলকান্দী এলাকার মন্ডল গোষ্ঠী ও খলিশাখালী এলাকার বিশ্বাস গোষ্ঠীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর রাতে একটি দোকানের সামনে মলত্যাগ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

মামলার বাদী মো. শাহাজান কবিরের অভিযোগ, ওই রাতে দেশীয় অস্ত্র নিয়ে বিশ্বাস গোষ্ঠীর সমর্থকেরা মন্ডল পক্ষের প্রিন্স মন্ডল, আলামিন মন্ডল, শাহীন মন্ডল ও মনিরুল মন্ডলের বাড়িঘর ও দোকানে হামলা চালান। এ সময় ইজিবাইক রাখার ঘর ও দোকান ভাঙচুর করা হয়। পাশাপাশি মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও করেন তিনি। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় শাহাজান কবির বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে গত ১৬ নভেম্বর মহম্মদপুর থানায় মামলা করেন। মামলাটির নম্বর ১০। মামলার পর পুলিশ মাহাজন বিশ্বাস (৪৬) ও পিকুল বিশ্বাস (৫২) নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে তারা জামিনে মুক্তি পান।

মন্ডল পক্ষের অভিযোগ, জামিনে মুক্ত হওয়ার পর আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে গত ২৪ নভেম্বর আরিফ (২২) নামের এক যুবক আহত হয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

মন্ডল পক্ষের দাবি, প্রতিপক্ষকে মামলায় জড়ানোর উদ্দেশ্যে নিজেদের লোকজনই আরিফকে আঘাত করে হাসপাতালে ভর্তি করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে বিশ্বাস পক্ষের দাবি, প্রতিপক্ষের লোকজন তাদের দুজনকে মারধর করেছেন। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

ভাঙচুরের শিকার প্রিন্স মন্ডলের মা লাভলী খাতুন বলেন, সবেমাত্র আমার স্বামী মারা গেছেন। তার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারিনি। এরই মধ্যে আমাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমরা ভীতসন্ত্রস্ত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ছেলের বউ সুন্নাতি দুই শিশুসন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে।

মন্ডল পক্ষের মো. নজরুল ইসলাম ওরফে ময়েন মন্ডল বলেন, খলিশাখালী গ্রামের প্রভাবশালী মাহাজন ও তার লোকজনের বিভিন্ন সময়ের হামলা, ভাঙচুর, চুরি ও হয়রানিতে আমাদের গ্রামের মানুষ অতিষ্ঠ। আমরা শান্তিপ্রিয় মানুষ। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের বিষয়ে মাহাজন বিশ্বাস বলেন, বাড়ির সামনে মলত্যাগকে কেন্দ্র করে আমাদের লোকজন মন্ডলদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে, এটা সঠিক। এ ঘটনায় আমাদের নামে মামলা হয়েছিল এবং আমরা হাজত খেটেছি। তবে হাজত থেকে বের হওয়ার পর প্রতিপক্ষের লোকজন আমাদের দুজনকেও মারধর করেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মুকুল বলেন, আগের দিনের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে ২৪ নভেম্বর কোনো সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, প্রতিপক্ষকে ফাঁসাতে এবং তাদের বিরুদ্ধে মামলা করার উদ্দেশ্যে হামলার ঘটনা সাজানো হচ্ছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া আরেকটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।