কান্নার শব্দে জঙ্গলে পুলিশ, ধর্ষণ থেকে রক্ষা পেলেন নারী

সাভারে নির্জন জঙ্গলে এক নারী পোশাকশ্রমিককে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কাছেই দায়িত্বরত এক উপপরিদর্শকের (এসআই) তৎপরতায় ওই নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাভার মডেল থানার এসআই মোস্তাকিম বিল্লা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টা থেকে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মিনি চিড়িয়াখানা-সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে।
আটক আমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার এলাকায়। তিনি হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় বসবাস করে হাওয়াই মিঠাই বিক্রি করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার আগে সিঅ্যান্ডবি এলাকা থেকে ওই নারী পোশাকশ্রমিককে অনুসরণ করতে থাকেন আমিনুল। পরে মহাসড়কের মিনি চিড়িয়াখানা এলাকায় নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে ওই নারীর ওপর হামলা করে তাকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
এসআই মোস্তাকিম বিল্লা জানান, ঘটনার সময় তিনি মিনি চিড়িয়াখানার গেটের কাছাকাছি এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে পাশের জঙ্গল থেকে কান্নার মতো শব্দ শুনতে পান তিনি। পরে দ্রুত পুলিশ গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়ে চিড়িয়াখানার প্রহরীদের সঙ্গে নিয়ে টর্চলাইটের আলোয় জঙ্গলে তল্লাশি শুরু করেন।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি ও টর্চলাইটের আলো দেখে আমিনুল জঙ্গল থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ওই নারীকে নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পক্ষ থেকে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।
