Advertisement

চট্টগ্রামে সড়ক অবরোধ করে সিএনজিচালকদের প্রতিবাদ

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে সড়ক অবরোধ করে সিএনজিচালকদের প্রতিবাদ
চট্টগ্রামে সড়ক অবরোধ করে সিএনজিচালকদের প্রতিবাদ। ছবি: এশিয়া পোস্ট

সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো গ্যাস না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে চট্টগ্রাম নগরের ষোলশহর মোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ চালকেরা। এতে ব্যস্ততম মুরাদপুর থেকে ২ নম্বর গেটমুখী প্রধান সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ফিলিং স্টেশন থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না। সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষও কোনো স্পষ্ট জবাব দিতে পারছে না। ফলে নিয়মিত গাড়ি চালাতে না পেরে দৈনিক জমা ও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা।

অটোরিকশাচালক তোফায়েল বলেন, দুই দিন ধরে গাড়ি চালাতে পারছি না। কোনো আয় নেই, অথচ মহাজনের জমা ও সংসারের খরচ তো থেমে নেই। তীব্র গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকেও যদি গ্যাস না পাই, তবে পরিবার নিয়ে আমরা চলব কীভাবে?

পরিস্থিতি নিয়ে ষোলশহরস্থ ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, জাতীয় গ্রিড বা মূল সংযোগ থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় তারা গ্রাহকদের চাহিদামতো গ্যাস দিতে পারছেন না। পর্যাপ্ত চাপ ও সরবরাহ না পাওয়া পর্যন্ত পাম্প চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

এদিকে সড়ক অবরোধ ও যানজটের খবর পেয়ে পাঁচলাইশ থানা-পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, অল্প কিছু সময় সড়ক অবরোধ ছিল। পরে পুলিশ গিয়ে চালকদের বুঝিয়ে সরিয়ে দেয়।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।