logo

ফরিদপুরে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার হেমায়েত হোসেন। ছবি : পুলিশের সৌজন্যে

ফরিদপুরের সালথা উপজেলায় হেমায়েত হোসেন নামে একটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, হেমায়েত হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সহিংসতা, মারামারি ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সালথা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাগদী বাজারে হেমায়েত হোসেনের অবস্থানের তথ্য পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানায় নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি এলাকায় প্রকাশ্যে ছিলেন না। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, হেমায়েত হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে।