বিদেশি পিস্তলসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কালাই সবুজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ মোট ২৬ মামলার পলাতক আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সবুজ ওরফে কালাই সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী এজাজুল হককেও গ্রেপ্তার করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সবুজ ওরফে কালাই সবুজকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে তার সহযোগী এজাজুল হককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সবুজ ওরফে কালাই সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। তার সহযোগী এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, সবুজের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়ের মতো গুরুতর অভিযোগের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থেকে সে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে পুলিশের দাবি।
এর মধ্যে ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুর এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা উল্লেখযোগ্য। ওই হত্যা মামলায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সবুজ ওরফে কালাই সবুজের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এছাড়া আরও দুটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সবুজকে গ্রেপ্তারে গত চার মাস ধরে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ ও নজরদারি চালানো হয়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার কোনাপাড়া এলাকায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে তার কাছ থেকে বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে অস্ত্র আইনে ডেমরা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। যেহেতু ডেমরা থানা এলাকায় পুলিশের অভিযানের সময় অস্ত্র উদ্ধার করা হয়েছে, তাই ওই মামলায় ডেমরা থানা পুলিশ তাকে আদালতে পাঠাবে। এরপর রূপগঞ্জ থানায় থাকা মামলাগুলোতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশের দাবি, সবুজ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মানুষকে অপহরণ করে জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন এশিয়া পোস্টকে বলেন, আমরা সবুজকে গ্রেপ্তার করেছি এবং তার সহযোগী আরেকজনকেও গ্রেপ্তার করেছি। সবুজের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি যেহেতু আমাদের অভিযানের সময় ডেমরা থানা এলাকায় উদ্ধার হয়েছে, এজন্য ডেমরা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। ওই মামলায় ডেমরা থানা পুলিশ তাকে আদালতে পাঠাবে।
রূপগঞ্জ থানায় সবুজের বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে অনেক মামলায় সে পলাতক আসামি হিসেবে রয়েছে। একটি মামলায় সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট রয়েছে। পাশাপাশি আরও দুটি মামলায় ওয়ারেন্ট আছে। এসব মামলায় আমরা পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখাব।
তার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা ছাড়াও ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়ের মতো গুরুতর অভিযোগের মামলা রয়েছে। এগুলো বড় ধরনের মামলা, তার কোনো ছোট মামলা নেই। আপাতত ডেমরা থানার অস্ত্র মামলায় তাকে আদালতে পাঠানো হবে। এরপর রূপগঞ্জ থানায় থাকা মামলাগুলোতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখানো হবে।




