এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর কুমার নদে অবৈধ বাঁধ উচ্ছেদ

গোপালগঞ্জের কাশিয়ানীতে কুমার নদে আড়াআড়িভাবে দেওয়া অবৈধ বাঁধ অপসারণ ও মাছ শিকার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এশিয়া পোস্ট অনলাইনে এ বিষয়ে সংবাদ প্রকাশের পরদিনই জেলা প্রশাসকের নির্দেশে শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
দুপুর ১২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের বালুগ্রাম দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা। অভিযানকালে তাকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ।
অভিযানে কুমার নদের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টিকারী বাঁশের অবৈধ বাঁধটি অপসারণ করা হয়। একই সঙ্গে মাছ শিকারে ব্যবহৃত ক্ষতিকর সুতি জাল কেটে নষ্ট করা হয়। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে পাওয়ার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের প্রজনন সুরক্ষার পথ সুগম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুগ্রাম পশ্চিমপাড়ার সিফারের ছেলে বিশুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নদে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগ ছিল। এলাকাবাসী জানান, প্রায় দুই বছর আগেও একই স্থানে নির্মিত একটি অবৈধ বাঁধ উচ্ছেদ করেছিল মৎস্য অধিদপ্তর। এবার দ্বিতীয়বারের মতো বাঁধটি উচ্ছেদ করা হলো।
অভিযানকালে কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতেই এই পদক্ষেপ। অবৈধ বাঁধ নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ বলেন, প্রবহমান নদীতে বাঁধ নির্মাণ করে সুতি জালের সাহায্যে মাছ শিকার করা মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ড দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমার নদে অবৈধ বাঁধ ও সুতি জাল দিয়ে মাছ শিকারের বিষয়ে এশিয়া পোস্টসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসনের নজরকাড়ে। সংবাদ প্রকাশের পর পরই দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

