ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৯৪ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে আরও ৩২ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চিকিৎসাধীন আছে ১৬৪ শিশু।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে হাম আক্রান্ত অবস্থায় নিয়ে সাত মাসের শিশু মেয়েটিকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটিকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে শুক্রবার রাত ৮টার দিকে হামের পাশাপাশি মস্তিষ্ক ও মস্তিষ্কের আবরণীর প্রদাহে শিশুটি মারা যায়।
অপরদিকে গত ২২ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে ১০ মাসের শিশু মেয়েটিকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এই শিশুটিকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হামের পাশাপাশি নিউমোনিয়ায় শিশুটি মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ নভেম্বর সকাল পর্যন্ত মোট ৬ হাজার ৮১২ জন রোগী হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ১৩ জন। এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৬ হাজার ৫৫৪ জন।
হাসপাতালের উপপরিচালক ডা. শেখ আলী রেজা সিদ্দিকী বলেন, সব রোগীকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাম মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। যথাসময়ে শিশুদের হামের টিকা নিতে হবে। হামে আক্রান্ত এক শিশুর সংস্পর্শে আরেক শিশুকে নিয়ে আসা যাবে না।

