logo

টাঙ্গাইলে কিশোর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে কিশোর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২
এসআরবির হাতে গ্রেপ্তারকৃতদের একজন। ছবি: এশিয়া পোস্ট

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ অটোভ্যান চালক কিশোর সবুজ হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার এবং মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে র‌্যাব-১৪। ঘটনার পর গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ের তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ময়মনসিংহের এসআরবি-১৪।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আধুনিক তথ্যপ্রযুক্তি এবং মাঠপর্যায়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১৯ অক্টোবর বিকেল ৩টার দিকে টাঙ্গাইলের বাসাইল এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর পলাতক আসামি হাবিবকে (৩৫) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল আসামি শাহিনকে গ্রেপ্তার এবং কিশোর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারে অভিযান চালানো হয়। এ অভিযানেন র‌্যাব-১৪ দায়িত্ব নেয়। এর ধারাবাহিকতায় ২০ অক্টোবর সকাল ৮টার দিকে মামলার প্রধান আসামি মো. শাহিনকে (৩০) গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব-১৪।

গ্রেপ্তারকৃত প্রধান আসামি শাহিনের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে সখীপুর থানাধীন বহেড়াতৈল আনিসনগরের গভীর জঙ্গলে পুনরায় অভিযান চালানো হয়। সেখানে তার দেখানো স্থান থেকে কিশোর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের মধ্যে মাথার খুলি, চুল ও হাড়ের অংশ রয়েছে বলে জানানো হয়।

অতিরিক্ত ডিআইজি এসআরবি-১৪ এর অধিনায়ক মো. মাসুদ রানা জানান, অল্প কয়েক দিনের ব্যবধানে কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারে অগ্রগতি হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এসআরবি-১৪ আরও জানায়, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।