logo
Advertisement

পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামি আবারও গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সুনামগঞ্জ
পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামি আবারও গ্রেপ্তার
হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসির মিয়াকে আবারও গ্রেপ্তার করে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া একাধিক মামলার সেই আসামি আসির মিয়াকে (৩২) ২৪ ঘণ্টার মাথায় আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৯টার দিকে একাধিক মামলার আসামি সুনামগঞ্জের শান্তিগঞ্জের উপজেলার দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মো. আসির মিয়াকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানার পুলিশ। পরে মব সৃষ্টি করে হাতকড়াসহ আসির মিয়াকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। এ সময় ফেসবুক লাইভে নিজেকে কনটেন্ট ক্রিয়েটর দাবি করে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান আসির মিয়া।

পুলিশের কাছ থেকে মুক্ত হওয়ার পর আসির মিয়া রাত সাড়ে ১০টায় আবারও ফেসবুক লাইভে এক হাতে হাতকড়াসহ ভিডিও প্রচার করেন।

ফেসবুক লাইভে হাতকড়া দেখিয়ে আসির মিয়া বলেন, শান্তিগঞ্জ থানার ওসির নির্দেশে এস আই এসআই নুর উদ্দিনের নেতৃত্বে কয়েকজন পুলিশ তার উপর হামলা করে। তাকে হাতকড়া পরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলে পুলিশ দেখায়নি।

জানা গেছে, আসির মিয়া এবং তার দুই ভাই নাছির মিয়া ও বাচ্ছু মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন দামোধরদপী গ্রামের বাসিন্দা মো. জিয়াউল হক বেগ। পুলিশ এই মামলায় আসির মিয়াকে গ্রেপ্তার করে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে আসার সময় তার স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়।

এ দিকে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় আসির মিয়ার কাছ থেকে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আসির মিয়াসহ ১৫ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়।

সুনামগঞ্জ সদর মডলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আসামি আসির মিয়া বুধবার রাতে শান্তিগঞ্জ থানার পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে গিয়েছিল। বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।