কুয়াকাটায় সরকারি গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে বেড়িবাঁধ

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বন বিভাগের সামাজিক বনায়নের গাছ কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ‘আনন্দ লোক ইকো রিসোর্ট’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুয়াকাটা এলাকায় উপকূল রক্ষা বেড়িবাঁধ (ওয়াপদা) সংলগ্ন বন বিভাগের জমিতে কোনো অনুমোদন ছাড়াই এ কাজ চলছে।
সমুদ্রের তীব্র ঢেউ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে জনপদকে রক্ষার জন্য রোপণ করা এসব সরকারি গাছ কেটে ফেলায় চরম ঝুঁকির মুখে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত ও সংলগ্ন বেড়িবাঁধ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে ৬৬ শতাংশ জমির ওপর ‘আনন্দ লোক ইকো রিসোর্ট’ প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি রিসোর্টটির যাতায়াত সুবিধার জন্য বন বিভাগের অনুমতি না নিয়েই সামাজিক বনায়নের গাছ কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধের পাশেই কাটা গাছগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। এতে উপকূলীয় এলাকার প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা এনায়েত হোসেন বলেন, পরিবেশ রক্ষায় যেখানে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, সেখানে একটি ব্যক্তিগত রিসোর্টের রাস্তার জন্য নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। এতে উপকূলীয় অঞ্চল এবং বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক মিরাজ বলেন, বেড়িবাঁধে গাছ থাকা মানে পর্যটকদের জন্য বাড়তি প্রশান্তি। গাছগুলো উপকূলকে জলোচ্ছ্বাস ও বন্যার হাত থেকে রক্ষা করে। এভাবে গাছ ধ্বংস করা হলে পর্যটন অঞ্চল বিপদের মুখে পড়বে।
অনুসন্ধানে জানা যায়, রাষ্ট্রপতির কার্যালয়ের সাবেক সচিব শফিকুল ইসলামের মালিকানাধীন এই রিসোর্টের বিরুদ্ধে অদৃশ্য শক্তির প্রভাব খাটিয়ে বন বিভাগের জমি দখল ও গাছ কেটে রাস্তা তৈরির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে রিসোর্টের মালিক শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, এটি তো খুব ছোট একটি রাস্তা, বন বিভাগের লোকদের এ বিষয়ে জানানো আছে। গাছ কেটে কোথায় রেখেছে সে বিষয়ে আমি জানি না। আমি ঢাকায় আছি।
মহিপুর-কুয়াকাটা সামাজিক বন বিভাগের রেঞ্জার মনিরুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ করতে বাধা দিয়েছেন। তারা যেন সেখান দিয়ে কোনো রাস্তা তৈরি করতে না পারেন, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যে পরিমাণ গাছ কাটা ও ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই আদালতে মামলা দায়ের করা হবে।
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবু কাউসার এশিয়া পোস্টকে বলেন, প্রশ্নই আসে না সরকারি বন উজাড় করে বিনা অনুমতিতে রাস্তা করবে। আমি এখানে নতুন এসেছি, মহিপুরের রেঞ্জারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
