বাল্যবিয়ে করতে গিয়ে দিতে হলো জরিমানা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গোপনে আয়োজন করা একটি বাল্যবিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বাল্যবিয়ে অংশ নেওয়ার দায়ে বরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালিকাপুর ইউনিয়নের একটি এলাকায় অপ্রাপ্তবয়স্ক কনের সঙ্গে গোপনে বিয়ের আয়োজন করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে কনের বয়স যাচাই করে তাকে বাল্যবিয়ের শিকার হতে দেখা গেলে তাৎক্ষণিক আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
আইন অনুযায়ী বরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আদালতে নিজের দোষ স্বীকার করায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ভবিষ্যতে কনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না—মর্মে বর ও কনের পরিবারের সদস্যরা লিখিত মুচলেকা দেন। উপস্থিত এলাকাবাসীর মধ্যে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব ও এ সংক্রান্ত আইনি শাস্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি ও আইনত দণ্ডনীয় অপরাধ। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোথাও বাল্যবিয়ের তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে জানাতে তিনি আহ্বান জানান।
