logo
মাদক কারবারির সঙ্গে সখ্যতা

তিন পুলিশ কর্মকর্তার পর সাভার থানার ওসি ক্লোজড

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সাভার (ঢাকা)
তিন পুলিশ কর্মকর্তার পর সাভার থানার ওসি ক্লোজড
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের শীর্ষ মাদক কারবারি শামীমের সঙ্গে যোগাযোগের অভিযোগে এবার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন এশিয়া পোস্টকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সাভার থানার তিন পুলিশ কর্মকর্তাকে সোমবার বিকেলে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। ওই ঘটনার ৪৮ ঘণ্টার পার হতে না হতেই থানার ওসিকে প্রত্যাহার করা হলো।

ঢাকা জেলার এসপি শামীমা পারভীন বলেন, মাদক কারবারি শামীমের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছি। এর আগে তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক ক্লোজড করেছি। তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে অবহেলাসহ বেশ কিছু বিষয় তদন্তে উঠে এসেছে। তাই তাকে সাভার থানা থেকে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

সোমবার ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন, সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির, সহকারী উপপরিদর্শক (এএসআই) আসিফুর এবং এএসআই মেরাজ।

তিন দিন আগে সাভারের রাজাশন এলাকায় শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে যান দেশের দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের (দেশ টিভি ও এসএ টিভি) দুই সাংবাদিক। সেখানে মাদক কারবারিরা সাংবাদিকদের ওপর হামলা চালায়।

হামলার ঘটনায় মাদক কারবারি শামীমকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করে সাভার থানায় একটি মামলা করা হয়। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও মূলহোতা শামীমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই পরিস্থিতির মধ্যে মাদক কারবারির সঙ্গে পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগের তথ্য ফাঁস হওয়ায় জেলা পুলিশ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল।