logo

চাঁদপুরে আবারও বিএনপির কার্যালয়ে আগুন

চাঁদপুরে আবারও বিএনপির কার্যালয়ে আগুন
চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লবাইরকান্দি এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টির একাংশ পুড়ে গেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে লবাইরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন। কার্যালয়টি সড়কের পাশে হওয়ায় দ্রুত আগুনের বিষয়টি তাদের নজরে আসে। পরে স্থানীয় বাসিন্দারা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

লবাইরকান্দি বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় নিন্দা জানিয়ে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির লস্কর বলেন, সারা দেশে যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাতের অন্ধকারে আগুন সন্ত্রাসের মতো কর্মকাণ্ড চালাচ্ছে বলে তারা মনে করেন। তবে বিএনপি কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দেয় না। প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করবে এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে তারা আশা করেন।

মতলব একটি শান্তিপ্রিয় এলাকা উল্লেখ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে জড়িতদের পরিণতি ভালো হবে না। মতলব উত্তর উপজেলা বিএনপি আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।

এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, চলতি মাসের ১১ নভেম্বর রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ১৯ নভেম্বর দিবাগত রাতে ১ নম্বর ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।