logo

ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি

ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি
বাঁ থেকে মাষ্টার নিজাম উদ্দিন ও শাহাদাত হোসেন। ছবি : এশিয়া পোস্ট

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব মোহাম্মদ শাহাদাত হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনীত করেন নিজাম উদ্দিন পাটোয়ারী ও মোহাম্মদ শাহাদাত হোসেন। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী এশিয়া পোস্টকে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে প্রার্থী বাছাইয়ের জন্য ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বানে আমরা একটি তালিকা জমা দিয়েছিলেন। তালিকায় বিগত দিনের আন্দোলন-সংগ্রামে তাদের সঙ্গে থাকা নেতাকর্মীদের নাম রাখা হয়েছিল।

নিজাম উদ্দিনের দাবি, বিষয়টি জেলা নেতাদের জানানো হয়েছিল। তবে জেলা নেতারা তাদের মনোনীত ব্যক্তিদের বাদ দিয়ে নিজেদের পছন্দের লোকদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য চাপ দেন। এতে তারা রাজি না হওয়ায় বিষয়টি কেন্দ্রীয় যুবদলের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য, এ কারণেই তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।