logo

জামালপুরে পৌঁছাল এসআই মিজানুরের মরদেহ, শোকের মাতম

জামালপুরে পৌঁছাল এসআই মিজানুরের মরদেহ, শোকের মাতম
নিহত এসআই মিজানুর রহমান (বামে); রাতে জামালপুরে গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের ভিড় (ডানে)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের মরদেহ জামালপুরের ইসলামপুরে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও স্থানীয় বাসিন্দারা একনজর দেখতে ভিড় করেন। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত মিজানুর রহমান ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর দক্ষিণপাড়ার বাসিন্দা মাওলানা আব্দুল্লাহর ছেলে। চলতি বছরের জানুয়ারিতে তিনি বিয়ে করেছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় জানাজা শেষে মিজানুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী চালককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিহতের বড় ভাই মুফতি আক্তারুজ্জামান বলেন, তিন বছর আগে আমার ভাই পুলিশে যোগ দেয়। পরিবার থেকে তাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম। তার এই অকালমৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা সঠিকভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, মিজানুর রহমানের মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত। তার মরদেহ বাড়িতে পৌঁছানোর পর পরিবারের কান্না দেখে নিজেদের চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মদেহ জামালপুরে তার বাড়িতে পৌঁছেছে। আমরা বর্তমানে নিহতের বাড়িতেই অবস্থান করছি।