বরগুনা জিলা স্কুলের গেটে ‘ছাত্রলীগের তালা’, পুলিশের সহায়তায় সচল বিদ্যালয়

বরগুনা সরকারি জিলা স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ফটকের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারসংবলিত পোস্টার টানানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেখতে পান শিক্ষক-কর্মচারীরা। এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তালা ভেঙে বিদ্যালয় খুলে দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালে কর্মীরা বিদ্যালয়ে এসে প্রধান ফটকে তালা দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বরগুনা সরকারি জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল ওহাব বলেন, আজ বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষা রয়েছে। সকালে স্কুলের স্টাফ ফারুক গেট খুলতে গিয়ে দেখেন, প্রধান ফটকে তালা দেওয়া। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার পর তালা ভেঙে বিদ্যালয় খোলা হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সাধারণত নিজেরাই তালা দিয়ে রাখে। তবে ওই তালার ওপর কেউ ব্যানার বা ফেস্টুন লাগিয়ে গেলে সেটি আলাদা বিষয়। কারা ব্যানার ও পোস্টার লাগিয়েছে, তা শনাক্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
