মরা নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু, ৪ জনই একই স্কুলের

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে পদ্মা নদীর শাখা মরা নদীতে গোসল করতে নেমে দুই পরিবারের চার বোনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহত চার বোনই চরচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অন্য শিশুটি পার্শ্ববর্তী চর দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এ সুযোগে শিশুরা বড়দের অগোচরে মরা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর গভীরতা বুঝতে না পেরে এক শিশু পানিতে তলিয়ে যেতে থাকে। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে সাঁতার না জানা অন্য চার শিশুও পানিতে তলিয়ে যায়। নামাজ শেষে স্থানীয়রা নদীর পাড়ে শিশুদের জুতা ও জামাকাপড় পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। পরে নদীতে খোঁজাখুঁজি করে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত চারজন চরচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলো প্রথম শ্রেণির মোসা. আরিবা খাতুন (রোল-২), চতুর্থ শ্রেণির মোসা. সুমাইয়া খাতুন (রোল-৪), একই শ্রেণির মোসা. সুরাইয়া খাতুন (রোল-৩) এবং পঞ্চম শ্রেণির মোসা. সুমাইয়া খাতুন (রোল-৭)। নিহত অপর শিশু মোসা. শরিফা খাতুন চর দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা পরস্পরের মামাতো, ফুপাতো ও চাচাতো বোন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, একই গ্রামের ও বিদ্যালয়ের কোমলমতি শিশুদের এমন অকালমৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
চার শিক্ষার্থীকে হারিয়ে শোকে স্তব্ধ চরচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, খবরটি শুনে তিনি খুবই মর্মাহত। নিহত শিক্ষার্থীরা মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। তাদের সবার রোল নম্বর নিজ নিজ শ্রেণিতে প্রথম ১০-এর মধ্যে ছিল। পড়াশোনার পাশাপাশি নিজেদের মধ্যেও তাদের ভালো সম্পর্ক ছিল। একই বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে একসঙ্গে হারিয়ে পুরো বিদ্যালয় পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুদের পরিবারের সদস্যদের দাফন-কাফনের জন্য তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।



