logo
শিশুদের আবৃত্তি অনুষ্ঠান

নজরুলের ‘প্রভাতী’ দিয়ে শুরু, রবীন্দ্রনাথের কবিতায় শেষ

নজরুলের ‘প্রভাতী’ দিয়ে শুরু, রবীন্দ্রনাথের কবিতায় শেষ
ব্রাহ্মণবাড়িয়ায় ‘শিশুদের কণ্ঠে রবীন্দ্র-নজরুল’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে তিতাস আবৃত্তি সংগঠন। ছবি : এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শিশুদের কণ্ঠে রবীন্দ্র-নজরুল’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে তিতাস আবৃত্তি সংগঠন। এতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি শিশুতোষ কবিতা আবৃত্তি করে সংগঠনটির ছোটদলের সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় শহরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম সংগঠক আনিসুর রহমান ও ফাহিমা সুলতানা। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক সুজন সরকার। অতিথি হিসেবে বক্তব্য দেন উন্নয়ন সংগঠক ও সংস্কৃতিসেবী তাপসী রায়, রক্তদান সংগঠন বাঁধনের সভাপতি ইশরাক জাহান, আবৃত্তিশিল্পী তাসফিয়া ইসলাম, অভিভাবক সদস্য প্রিয়ং খন্দকার ও অনুষ্ঠানের নির্দেশক ফারদিয়া আশরাফি নাওমী।

অনুষ্ঠানটি সদ্য প্রয়াত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক অধ্যাপক জামিল ফোরকানকে উৎসর্গ করা হয়। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কাজী নজরুল ইসলামের ‘প্রভাতী’ কবিতার সমবেত আবৃত্তির মধ্য দিয়ে শিশুদের পরিবেশনা শুরু হয়। এ সময় একক আবৃত্তি করে নাফিসা আক্তার, ইকরা আক্তার নাবা, নাদিমা আবদীন শিফা, ফারিযা রানা, ফারিয়া আক্তার, আফসানা মারিয়া, ঝুম বিশ্বাস, প্রিয়ন্তী রশিদ প্রথা ও বিনায়ক নীলাদ্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর মম’ কবিতার সমবেত আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানের নির্দেশক ফারদিয়া আশরাফি নাওমী বলেন, আজকের আয়োজনে একদল শিশু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা উচ্চারণের মধ্য দিয়ে আবৃত্তির পথে নতুন করে যাত্রা শুরু করল। রবীন্দ্র-নজরুলকে ধারণ করে তারা এ দুই কবির কবিতার সঙ্গে পরিচিত হবে ও আবৃত্তি করবে। তারা ধীরে ধীরে সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন।

তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার বলেন, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে আবৃত্তির রস ছড়িয়ে দিতে তিতাস আবৃত্তি সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসেবে এ আয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা পড়তে পড়তে শিশুরা এগিয়ে যাক, সেই কাজে সহায়ক হিসেবে তারা কাজ করছেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট