কবিতার আবেশে মাহিনুর মুমুর ‘আমার এ পথের পাশে’

এ প্রজন্মের পরিচিত আবৃত্তিশিল্পী মাহিনুর মুমু। মঞ্চ ও টেলিভিশনের বিভিন্ন আয়োজনে নিয়মিত আবৃত্তি করলেও এবার প্রথমবারের মতো একক আবৃত্তি অনুষ্ঠান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি। ‘আমার এ পথের পাশে’ শিরোনামের এ আয়োজনে মোট ২২টি কবিতা আবৃত্তি করেন শিল্পী। তার পরিশীলিত কণ্ঠ, কবিতা নির্বাচনের বৈচিত্র্য ও পরিবেশনার নান্দনিকতায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।
আবৃত্তি ও সাংস্কৃতিক সংগঠন শব্দসুধার আয়োজনে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের এ আবৃত্তি সন্ধ্যায় একে একে কবিতার ভিন্ন ভিন্ন অনুভূতি ও ভাবনা তুলে ধরেন মাহিনুর মুমু।
কাজী নজরুল ইসলামের ‘আমার পথ’ প্রবন্ধের অংশবিশেষ আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, নির্মলেন্দু গুণ, জয় গোস্বামীসহ বিভিন্ন কবির কবিতা পরিবেশন করেন তিনি। আবৃত্তির তালিকায় ছিল ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, ‘বোধ’, ‘ছাড়পত্র’, ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’, ‘নিঃসঙ্গতা’, ‘কামাল পাশা’ ও ‘বাঙলা ছাড়ো’র মতো পরিচিত কবিতা। পাশাপাশি পরিবেশনায় ছিল ‘বাবা’ শিরোনামে শিল্পীর নিজের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুঃসময়’ আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
অনুষ্ঠানের মঞ্চের ব্যাকড্রপেও ছিল কবিতার পঙ্ক্তি- ‘তোমাকে শনাক্ত করি, হে সুন্দর’। কবিতার এই পঙ্ক্তি যেন পুরো আয়োজনের ভাবনাকেই ধারণ করেছিল। আবৃত্তির বিষয়বৈচিত্র্য ও পরিবেশনার সাবলীলতায় শুরু থেকে শেষ পর্যন্ত মিলনায়তনে তৈরি হয় এক আবিষ্ট পরিবেশ।
নোয়াখালীর সোনাইমুড়ীতে জন্ম ও বেড়ে ওঠা মাহিনুর মুমুর আবৃত্তির সঙ্গে পরিচয় শৈশবেই। তার আবৃত্তির প্রথম গুরু বাবা মোহাম্মদ মাসুম বিল্লাহ। বাবার হাত ধরেই শব্দ, ছন্দ ও কবিতার জগতে প্রবেশ তাঁর। ২০০৯ সালে জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার প্রতিষ্ঠিত ‘বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি’তে যুক্ত হন তিনি। সেখানে দীর্ঘদিনের নিয়মিত চর্চা ও প্রশিক্ষণ তার শিল্পীজীবনের ভিত গড়ে দেয়। বৈকুণ্ঠকে নিজের শিল্পীজীবনের অন্যতম আশ্রয় ও সাধনার জায়গা বলে মনে করেন এই আবৃত্তিশিল্পী।
দীর্ঘদিনের পথচলায় বিভিন্ন আবৃত্তি প্রযোজনায় অংশ নেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনাও করেছেন মাহিনুর মুমু। আবৃত্তির চর্চা ও উচ্চারণের শুদ্ধতা নিয়ে ব্যক্তিগত সাধনার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে কবিতার প্রতি আগ্রহ তৈরিতেও কাজ করছেন তিনি।
২০২৫ সালে প্রতিষ্ঠা করেন আবৃত্তি ও সাংস্কৃতিক সংগঠন ‘শব্দসুধা’র ঢাকা শাখা। সংগঠনটির মাধ্যমে আবৃত্তি প্রশিক্ষণ, কর্মশালা ও সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছেন তিনি। প্রমিত উচ্চারণের চর্চা এবং কবিতাবোধ ছড়িয়ে দেওয়াই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রথম একক আবৃত্তি সন্ধ্যার মধ্য দিয়ে নিজের দীর্ঘদিনের চর্চা ও সাধনাকে নতুনভাবে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরলেন মাহিনুর মুমু। কবিতার নানা অনুভূতি আর শব্দের সৌন্দর্যে সাজানো এ আয়োজন তার শিল্পীজীবনের পথচলায় যুক্ত করল নতুন এক অধ্যায়।