logo
Advertisement

সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ,সিলেট
সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় মারা যায় দুই শিশু। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫১ জনে।

Advertisement

একই সময়ে নতুন করে ছয়জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জনে।

শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুইজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন ছিল। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ৫ মাস ও অন্যজনের বয়স ১১ মাস। অন্যদিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুর বয়স ৯ মাস।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২৮ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হামে আক্রান্ত ৩৫৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে সবচেয়ে বেশি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন ভর্তি রয়েছেন। বাকিরা সিলেট বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ১৪১ জন এবং নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১৫১ জন।

বিষয় :