কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শ্রমিকরা, এখনও বন্ধ ২১ কারখানা

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের পর সাভার ও আশুলিয়ায় উৎপাদন শুরু করেছে বন্ধ থাকা অনেক কারখানা। তবে এখনও ২১ কারখানা বন্ধ রয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল থেকেই তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই শ্রমিকরা দলে দলে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসায় কারখানা কর্তৃপক্ষ বন্ধ প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে ইতিবাচক মনোভাবের কারণে শিল্পাঞ্চলে দ্রুত উৎপাদনমুখী পরিবেশ ফিরে এসেছে।
তবে আজও কিছু কারখানায় কাজ না করে হাজিরা দিয়েই বেরিয়ে গেছেন শ্রমিকরা। তারপরও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এখনও ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
শিল্পাঞ্চলের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের টহল ও উপস্থিতি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়ায় দায়ের করা ১৪টি মামলায় এ পর্যন্ত মোট ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া জানান, আশুলিয়ায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে কিছু কারখানায় সকালে নিজেদের অনিরাপদ মনে করায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বন্ধ ঘোষিত কারখানাগুলোর বিষয়ে আলোচনা চলছে। সেগুলোর কর্তৃপক্ষও কারখানা খুলতে চাচ্ছে।




