সাভার-আশুলিয়ায় একের পর এক কারখানায় ছুটি, উৎপাদন বন্ধ ১১২টিতে

শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১১২টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ১৪টি কারখানা। এ ছাড়া পূর্বঘোষিত নোটিশের মাধ্যমে ছুটি দেওয়া হয়েছে আটটি কারখানায়। পরিস্থিতি বিবেচনায় আজকের দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ৯০টি কারখানায়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় আল মুসলিম গ্রুপের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্পাঞ্চল পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে বেশ কিছুদিন ধরেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় কারখানা কর্তৃপক্ষ একের পর এক সাধারণ ছুটি ঘোষণা করে।
সূত্র জানায়, ১৪টি কারখানায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, বেতন নেই’ ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙানো হয়েছে। এ ছাড়া আগে থেকেই নোটিশ দিয়ে আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় বুধবারের জন্য আরও ৯০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সব মিলিয়ে এদিন শিল্পাঞ্চলের ১১২টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডসংলগ্ন আল মুসলিম গ্রুপের কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে বলে। তারা সড়ক থেকে সরে না গেলে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান নূর জানান, দুপুরে আল মুসলিম গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ করে মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করেছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে। পরে সড়কটি যান চলাচলের উপযোগী করা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।






