নড়াইলে সুলতান উৎসব, রঙ-তুলিতে মেতেছে শিশুরা

নড়াইলে দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব’ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রঙ-তুলির খেলায় মেতে ওঠে বিভিন্ন বয়সী শিশুরা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এস এম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী এবং সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুরা রঙ-তুলির মাধ্যমে তাদের কল্পনা ও সৃজনশীলতা ফুটিয়ে তোলে। তাদের ক্যানভাসে উঠে আসে প্রকৃতি, গ্রামবাংলা ও মানুষের জীবনযাত্রার নানা ছবি।
আয়োজকরা জানান, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিশুদের চিত্রে আগ্রহী করে তুলতেই এ আয়োজন। সুলতান উৎসবের মাধ্যমে নড়াইলের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উৎসব প্রাঙ্গণে ভিন্নমাত্রার প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।



