কক্সবাজারে ইঁদুর মারার বিষ খেয়ে বৃদ্ধার মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় ভুলবশত ইঁদুর মারার ওষুধ খেয়ে নুরুন নাহার (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নুরুন নাহার ওই এলাকার আমিনুল হকের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার একটি ট্যাবলেট খেয়ে ফেলেন নুরুন নাহার। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে চট্টগ্রাম নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


