logo

এমপির ছেলেকে গ্রেপ্তার দেখাল পুলিশ, ১০ দিনের রিমান্ড আবেদন

এমপির ছেলেকে গ্রেপ্তার দেখাল পুলিশ, ১০ দিনের রিমান্ড আবেদন
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আদালতে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে তদন্তের স্বার্থে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মিন্টুকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ও রিমান্ড আবেদনের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

এর আগে গতকাল সোমবার রাতে গুরুদাসপুর বাজারপাড়া মহল্লায় ভাড়া বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় মিন্টুকে। পরে তাকে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে ডিবি অফিসে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, নাটোর ৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের দুই ছেলে নুরুজ্জামান মিন্টু ও মাহমুদুজ্জামান সোহাগের পৃথক অনুসারী ও সমর্থক গোষ্ঠী রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের দুই ভাইয়ের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম এমপির ছোট ছেলে মাহমুদুজ্জামানের সোহাগ অনুসারী ছিলেন। দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা তাদের।

নিহত শাকিল ইসলামের বাবা ও মামলার বাদি রবিউল করিম মিস্ত্রি বলেন, গত ১৪ অক্টোবর রাতে বাজার থেকে বাড়িতে ফেরার পথে তার ছেলেকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা তাকে চিকিৎসা দেওয়া হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শাকিল হোসেনের মৃত্যু হয়। ছেলেকে নির্মমভাবে হত্যার বিচার চান তিনি। বাদ এশা গুরুদাসপুর বিল চলন শামসুজ্জোহা কলেজ মাঠে শাকিলের জানাজা শেষে রাতেই পুরানপাড়া কেন্দ্রীয় গোরস্তানে দাফন করা হবে বলেও জানান তিনি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন এশিয়া পোস্টকে বলেন, শাকিলের হত্যাকারীরা যতবড় শক্তিশালীই হোক, সে যদি দলেও হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শাকিলকে হত্যার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টু জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান এশিয়া পোস্টকে জানান, এ ঘটনায় নিহত শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রি বাদি হয়ে অজ্ঞাত ৮-১০ জনকে অভিযুক্ত করে থানায় একটি এজাহার দায়ের করেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এশিয়া পোস্টকে জানান, ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অধিক তদন্তের জন্য ১০ দিন রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।