গাইবান্ধায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্ত্রীর টাকায় কেনা জমি স্বামীকে লিখে না দেওয়ায় গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৬ জুন) রাতে র্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিমুলি আক্তার শিউলি নামে ওই নারীর স্বামী আনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আনারুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আনারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী শিমুলি আক্তার শিউলি। বিয়ের পর থেকে প্রায় সময় শিউলিকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার হুমকি দিয়ে আসছিলেন আনারুল। শিউলি দুই শতক জমি কিনে টিনশেড ঘর করে বসবাস করে আসছিলেন। ওই জমি লিখে দেওয়ার জন্য শিউলিতে নির্যাতন শুরু করেন আনারুল ইসলাম। গত ২২ মে বিকেল সাড়ে তিনটার দিকে আনারুল ও তার সহযোগী ২-৩ জন শিউলিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
শিউলির ভাই নুরুল ইসলাম সাদুল্লাপুর থানায় হত্যা মামলা করেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালাতে থাকে র্যাব। শনিবার দুপুরের দিকে গাজীপুরের বাসন এলাকার ভোগড়াস্থ জোনাকী স্টোরের সামনে থেকে আনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামি আনারুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
