‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়া হয় প্রাইভেটকারে, ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

ব্যাংক থেকে জমি কেনার জন্য ৭ লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মেহেদী হাসান। পথেই তার অটোভ্যানের গতিরোধ করে একটি সাদা প্রাইভেটকার। গাড়ি থেকে নেমে চার ব্যক্তি নিজেদের ‘ডিবি পুলিশের সদস্য’ পরিচয় দিয়ে তাকে ‘মাদক ব্যবসায়ী’ আখ্যা দেন। এরপর হাতে পরানো হয় হ্যান্ডকাফ, শুরু হয় মারধর। মুখে কাপড় পেঁচিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয়। কিছুক্ষণ পর জ্ঞান হারান তিনি।
প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুলিয়া গাবতলি এলাকার একটি ঝোপ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা ৭ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চারাবটতলা এলাকার ঘটনা এটি।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে ভাঙ্গা বাজারের পূবালী ব্যাংক ভাঙ্গা শাখা থেকে নিজের হিসাব থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন ব্যবসায়ী মেহেদী হাসান। জমি কেনার উদ্দেশ্যে ওই টাকা নিয়ে একটি অটোভ্যানে করে মুনসুরাবাদ গ্রামের বাড়ির দিকে রওনা হন।
পথে ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের চারাবটতলা এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার তার অটোভ্যানটির গতিরোধ করে। গাড়ি থেকে চার ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তারা মেহেদী হাসানকে মাদক ব্যবসায়ী বলে দাবি করে তার হাতে হ্যান্ডকাফ পরান।
এ সময় মেহেদী চিৎকার ও প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ করেন। পরে মুখে কাপড় পেঁচিয়ে জোর করে প্রাইভেটকারে তুলে নেওয়া হয়। ভুক্তভোগীর দাবি, দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে তার মুখে মাস্ক পরিয়ে দেয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।
মেহেদী হাসান বলেন, এরপর তার আর কিছু মনে নেই। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুলিয়া গাবতলি এলাকার একটি ঝোপের মধ্যে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা থানায় এবং পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ দিকে এ ঘটনার বিষয়ে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, রোববার ভাঙ্গায় ডিবি পুলিশের কোনো টিম কোনো প্রয়োজনে যায়নি। ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনাটি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক খালেদ হোসেন বলেন, দুর্বৃত্তরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগীর হাতে হ্যান্ডকাফ পরিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ছিনিয়ে নিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের কার্যক্রম চলছে। খুব শিগগিরই জড়িতদের চিহ্নিত করা হবে।
এদিকে, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরপরই কীভাবে মেহেদী হাসানকে অনুসরণ করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে পৌঁছাল, এ বিষয়টিও সামনে এসেছে। তিনি আরও বলেন, ব্যাংক থেকে বের হওয়ার পর কেউ তাকে অনুসরণ করেছিল কি না, ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না এবং ‘ডিবি পুলিশ’ পরিচয় ব্যবহার করে আরও কোনো ঘটনা ঘটেছে কি না, এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
