বিএনপি কর্মীদের শোকসভায় স্লোগান না দিতে মন্ত্রীর আহ্বান

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে শোকের পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক স্লোগান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (২২ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, এই যে রাজনৈতিক কর্মী, একটা শোকের অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান দেন তাহলে তো আপনারা প্রকৃত বিএনপির কর্মী হতে পারেননি। আজ ৮৬ জন শহীদের পরিবারকে চেক দেওয়া হচ্ছে। এই দায় আমাদের রাষ্ট্রের। আমরা তুচ্ছ, নগণ্য মানুষ; তারপরও আমরা শোকাহত। কিন্তু যেসব পরিবার তাদের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে, তাদের কষ্ট কতটা গভীর তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, নিহতদের পরিবারের সদস্যরা এখন চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্বজন হারানোর বেদনা কোনোভাবেই পূরণ হওয়ার নয় উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র সবসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং যে কোনো প্রয়োজনে সহায়তা করবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এটি একটি শোকাহত অনুষ্ঠান। এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান না। তাই এখানে রাজনৈতিক স্লোগান বা দলীয় কর্মসূচির কোনো স্থান নেই।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
