হবিগঞ্জে বন বিভাগের অভিযান, ৩৪ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

হবিগঞ্জের চুনারুঘাটে একটি স মিলে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ১৬ টুকরা অবৈধ গোলকাঠ জব্দ করেছে বন বিভাগ। জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৩৪ দশমিক ৭৪ ঘনফুট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার আমতলী (দেওরগাছ) এলাকার একটি স মিলে এ অভিযান পরিচালনা করা হয়। কালেঙ্গা বনের বিট অফিসার আবদুল্লাহ আল আমিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযানে অংশ নেয়।
বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স মিলে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মজুত থাকা সেগুন, আকাশমনি ও মেহগনি গাছের মোট ১৬ টুকরা গোলকাঠের সন্ধান পাওয়া যায়। পরে কাঠগুলো জব্দ করা হয়।
কালেঙ্গা বনের বিট অফিসার আবদুল্লাহ আল আমিন জানান, অবৈধভাবে প্রক্রিয়াজাত বা মজুত করার অভিযোগে কাঠগুলো জব্দ করা হয়েছে। পরে জব্দ করা কাঠ চুনারুঘাট সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বনাঞ্চল রক্ষা এবং অবৈধভাবে কাঠ সংগ্রহ ও পাচার রোধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
