logo
Advertisement

স্পেনে আগুনে মৃত্যু, ইউসুফের শেষবার্তা ‘দম বন্ধ হয়ে যাচ্ছে’

এশিয়া পোস্ট নিউজ,গাজীপুর
স্পেনে আগুনে মৃত্যু, ইউসুফের শেষবার্তা ‘দম বন্ধ হয়ে যাচ্ছে’
স্পেনে আগুনে মারা যাওয়া গাজীপুরের প্রবাসী ইউসুফ হাসান আলিফ ও হোয়াটসঅ্যাপে সহকর্মীদের পাঠানো তার শেষবার্তা। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে লাগা আগুনে পুড়ে মারা গেছেন গাজীপুরের প্রবাসী ইউসুফ হাসান আলিফ। আগুন লাগার পর সহকর্মীদের কাছে ইউসুফের শেষ বার্তাটি ছিল, ‘দম বন্ধ হয়ে যাইতেছে ভাই।’

Advertisement

স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদ্রিদের আরগানসোয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ইউসুফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে । পেশায় তিনি একজন ফুড ডেলিভারি রাইডার ছিলেন।

স্পেনে ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল।

মৃত্যুর আগমুহূর্তে সহকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচার আকুতি জানিয়ে ইউসুফ লিখেছিলেন, ‘আমাদের বাঁচান ভাই। দম বন্ধ হয়ে ‘দম বন্ধ হয়ে যাইতেছে ভাই।’ কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

পরিবার জানায়, গত জুন মাসে স্পেনে গিয়েছিলেন ইউসুফ। দেশটির নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দুই দিন আগে তিনি কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) পান। রোববার ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে ইউসুফ গ্যারেজে যান।

সে সময় হঠাৎ একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে গ্যারেজে আগুন ধরে যায়। এতে ইউসুফসহ তার দুই সহকর্মী দগ্ধ হন। ঘটনাস্থলে চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন। দগ্ধ অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, আমরা ইউসুফের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে।