logo

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হাতুড়িপেটা, স্বর্ণের চেইন ছিনতাই

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হাতুড়িপেটা, স্বর্ণের চেইন ছিনতাই
মানিকগঞ্জের উত্তর সেওতায় ফ্ল্যাটে ঢুকে নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

মানিকগঞ্জে ভিক্ষুকের ছদ্মবেশে একটি ফ্ল্যাটে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাজেরা বেগম (৭০) নামে ওই নারী আহত হয়েছেন। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার উত্তর সেওতা এলাকার বায়তুল আমান ভবনের দ্বিতীয়তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

আহত হাজেরা বেগমের মেয়ে আলেয়া বেগম বলেন, বোরকা পরা এক ব্যক্তি তাদের বাসার গেটে এসে দরজায় কড়া নাড়েন। তার মা দরজা খুলে দিলে ওই ব্যক্তি হাতে থাকা হাতুড়ি দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। পরে তার গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যান। ওই ব্যক্তির হাতে একটি চালের ব্যাগও ছিল।

আলেয়া বেগম আরও বলেন, মায়ের চিৎকার শুনে পাশের বাসার লোকজন এগিয়ে এসে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি বাসায় গিয়ে মাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, উত্তর সেওতা এলাকায় একটি ফ্ল্যাটে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।