গ্রেপ্তার এড়াতে দেয়াল টপকাতে গিয়ে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
গ্রেপ্তার এড়াতে দেয়াল টপকাতে গিয়ে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
মোহাম্মদ রাশেদ খান মেনন। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে পুলিশের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় অসুস্থ হয়ে মোহাম্মদ রাশেদ খান মেনন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (২১ জুন) দুপুরে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাশেদ খান মেনন নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়িতে পুলিশের উপস্থিতির খবর পেয়ে রাশেদ খান মেনন বাসা থেকে বের হয়ে যান। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাশেদ খান মেননের ছেলে সোহেল খান বলেন, নামাজ শেষে বাসায় ফিরে তিনি জানতে পারেন পুলিশ এসেছিল। কিছুক্ষণ পর খবর পান তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, পুলিশের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে রাশেদ খান মেনন বাড়ির পাশের দেয়াল টপকে অন্যত্র যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় রাশেদ খান মেননের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে রাশেদ খান মেননের খোঁজে পুলিশ তার বাসায় গিয়েছিল। তবে তাকে সেখানে পাওয়া যায়নি। পরে কী ঘটেছে, সে বিষয়ে তাদের কাছে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য ছিল না।

বিষয় :বরিশাল