logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নারায়ণগঞ্জে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা
গুড়িয়ে দেওয়া বাড়ির ধ্বংসাবশেষ। ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আদালতে বিচারাধীন জমির ওপর থাকা একটি বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে হিরাঝিলের ৮ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

Advertisement

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ১২ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫০ থেকে ২০০ জনের একটি দল এ হামলা চালায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী সুলতানা বেগম।

সুলতানা বেগমের অভিযোগ, স্থানীয় পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন (স্বর্ণকার), সবুজ, সজিব ও জসিমসহ একটি পক্ষ দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ও ক্রয়কৃত বসতবাড়িটি দখলের চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে মেহের আলীর নেতৃত্বে লোকজন বুলডোজার নিয়ে এসে তাদের বসতঘরসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়। প্রায় এক থেকে দুই ঘণ্টার মধ্যে ৪০ বছরের পুরোনো বসতভিটাটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

ঘটনার বর্ণনা দিয়ে সুলতানা বেগম বলেন, আমি আমার নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘর কেঁপে উঠলে প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। প্রাণ বাঁচাতে নাতিকে কোলে নিয়ে বাইরে বের হয়ে দেখি, বুলডোজার দিয়ে আমাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রায় ৪০ বছর ধরে আমরা এখানে বসবাস করছি। চোখের সামনে সবকিছু ধ্বংস হয়ে গেল।

তিনি আরও অভিযোগ করেন, কয়েক মাস ধরে অভিযুক্ত ব্যক্তিরা তাদের বাড়ি দখলের চেষ্টা করছেন। এ বিষয়ে পুলিশের কাছে সহযোগিতা চেয়েও তারা প্রয়োজনীয় সহায়তা পাননি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সুলতানা বেগমের ভাই গোলাম মোস্তফা বলেন, গত ৫ নভেম্বর রাত ১১টার দিকেও একই পক্ষের লোকজন ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে এসেছিলেন। তখন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে চলে যান। তবে যাওয়ার সময় ৭ নভেম্বর আবারও হামলার হুমকি দেন বলে অভিযোগ তার।

গোলাম মোস্তফার দাবি, পরবর্তী সময়ে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তারা ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৭ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বরাবর ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এরপরও মঙ্গলবার ভোরে বাড়িটি ভাঙার সময় একাধিকবার পুলিশকে জানানো হলেও তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তাদের সামনেই ভাঙচুরের কাজ সম্পন্ন হয় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটির মালিকানা নিয়ে সুলতানা বেগম ও মেহের আলীর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। মামলা নিষ্পত্তির আগেই জমিতে থাকা বসতঘর ভেঙে ফেলার অভিযোগ ওঠায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কাউকে আটক বা গ্রেপ্তারও করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন এশিয়া পোস্টকে বলেন, জমিটি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আগের দিন ঘটনাস্থল পরিদর্শন করে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়।

তিনি আরও বলেন, রাতের আঁধারে যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।