ফেনীতে নিষিদ্ধ আ.লীগের উপজেলা সহসভাপতি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে সংঘটিত হত্যাচেষ্টা মামলায় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. নুরুল আমিন বাটলারকে (৭২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ফেনী শহরের এসএসকে রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. নুরুল আমিন প্রকাশ বাটলার ফেনী সদর উপজেলার ৯ নম্বর লেমুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত আব্দুর রশিদ ও মৃত ফয়েজুন্নেসার ছেলে। তিনি গত ১০ বছর ধরে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এসএসকে রোডে অভিযান চালিয়ে নুরুল আমিন বাটলারকে আটক করে। পরে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মহিপালে সংঘটিত জিআর ৪৯৯ নম্বর হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


