logo

সাতক্ষীরায় নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রতারণা, যুবকের জেল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সাতক্ষীরায় নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রতারণা, যুবকের জেল
দণ্ডপ্রাপ্ত ইয়াসিন আলী। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালায় প্রশাসন।

ওই সেন্টারে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছিলেন ইয়াসিন আলী নামের ওই যুবক।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযুক্ত ইয়াসিন আলী বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।