বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের চালু থাকা দুটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এর ফলে ৫০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্রটির মোট তিনটি ইউনিটই অচল হয়ে পড়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক তথ্যটি নিশ্চিত করেছেন।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্রটির মোট তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি ওভারহোলিং (মেরামত ও রক্ষণাবেক্ষণ) কাজের জন্য ২০২০ সালের নভেম্বর থেকে প্রায় ছয় বছর ধরে বন্ধ রয়েছে। আর চালু থাকা ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটটি গতকাল সোমবার ভোর পৌনে ৬টায় এবং ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, চালু অবস্থায় ৩ নম্বর ইউনিট থেকে প্রতিদিন ১৬০–১৭০ মেগাওয়াট এবং ১ নম্বর ইউনিট থেকে ৫০–৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এই দুটি ইউনিট সচল রাখতে দৈনিক প্রায় ৩ হাজার ৪০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হতো।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিট দুটির যান্ত্রিক ত্রুটি সারাতে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। খুব দ্রুত মেরামতকাজ সম্পন্ন করে ইউনিটগুলো পুনরায় চালুর চেষ্টা চলছে।
