একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াত এমপি, বিকেলে বিএনপি নেতা
-7a34eb-720x405.webp)
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় একই সড়কের নির্মাণকাজ একই দিনে দুই দফা উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। উদ্বোধনের পর আয়োজিত পৃথক সমাবেশে দুই নেতার মধ্যে বাগবিতণ্ডাও হয়।
রোববার (১ নভেম্বর) সকালে জামায়াতের বর্তমান সংসদ সদস্য এবং বিকেলে ফিতা কেটে বিএনপির সাবেক সংসদ সদস্য সড়কটির কাজ উদ্বোধন করেন। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, এর কোনোটিই সরকারি বা দাপ্তরিক কোনো আনুষ্ঠানিক উদ্বোধন ছিল না।
এলজিইডি সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০ মিটার দীর্ঘ সড়কটির নির্মাণকাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৫৩১ টাকা। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও পদ্মাপাড়ের সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কাজ দুই সপ্তাহ আগে শুরু হলেও রোববার এর পরিদর্শনে এসে দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতার মুখোমুখি অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে।
রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এলজিইডির ব্যানারসহ সড়কটির কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর কয়েক ঘণ্টা পর বিকেলে একই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ পৃথকভাবে গিয়ে ফিতা কেটে তা আবারও উদ্বোধন করেন। উদ্বোধনের পর আয়োজিত পৃথক সমাবেশে দুই নেতাই একে অপরের বিরুদ্ধে কঠোর সমালোচনা ও বাকযুদ্ধে লিপ্ত হন।
দুই নেতার কথার লড়াই
সমাবেশে জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল বিএনপির সাবেক এমপির উদ্দেশে বলেন, ‘আপনার বরাদ্দ আসা বা কাজের খোঁজ নেওয়ার দায়িত্ব জেলা পরিষদ হিসেবে থাকতে পারে, কিন্তু এমপির উন্নয়ন কাজের দিকে নজর দেওয়া আপনার এখতিয়ার নয়। ৬২ হাজার ৬১৯ ভোট বেশি পেয়ে আমি নির্বাচিত হয়েছি। এলজিইডির কাজের সুযোগ নিয়ে ছিনিমিনি খেললে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। এমপি হিসেবে বিগত ৫ বছরের সব কাজের দায়িত্ব আমার।’
এর পাল্টা জবাবে সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সড়কটি আমার নির্বাচনী প্রতিশ্রুতি ও প্রচেষ্টার ফসল। নতুন এমপিকে বলব, কথা সাবধানে বলবেন। উল্টাপাল্টা বললে জনগণই ব্যবস্থা নেবে। এত ছ্যাঁচড়ামি করার দরকার নেই, একজন এমপির প্রটোকল বোঝা উচিত। সাবেক এমপি ও জেলা পরিষদ প্রশাসক হিসেবে আমার এ কাজ পরিদর্শনের পূর্ণ অধিকার রয়েছে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল ও বিএনপির সাবেক এমপি হারুনুর রশীদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঠিকাদার মো. সেলিম রেজা বলেন, দুই নেতার সফরের সময় আমি উপস্থিত ছিলাম। সরকারি প্রতিনিধিরা তদারকিতে এলে ঠিকাদার হিসেবে সেখানে উপস্থিত থাকা আমাদের দায়িত্ব।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, এলজিইডির পক্ষ থেকে এটি কোনো আনুষ্ঠানিক উদ্বোধন ছিল না। তেমনটি হলে আমরা উদ্বোধনী ফলক উন্মোচন করতাম। এটি মূলত সংসদ সদস্য ও সাবেক এমপির পরিদর্শন বা তদারকি কার্যক্রম ছিল। আগামী ডিসেম্বরের মধ্যেই এই সড়কের কাজ শেষ হবে।


