logo
Advertisement

মসজিদে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
আড়াইহাজার, নারায়ণগঞ্জ
মসজিদে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি
উদ্ধার করা ৯ এমএম পিস্তল, ম্যাগজিন ও গুলি। ছবি : পুলিশ সূত্রে পাওয়া

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদের কোরআন রাখার তাক থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো দেখতে পান মসজিদের মুয়াজ্জিন নাসির উদ্দিন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।

আড়াইহাজার থানা সূত্রে জানা গেছে, মসজিদ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি পাওয়া গেছে। কখন ও কীভাবে অস্ত্রগুলো সেখানে রাখা হয়েছিল, তা এখনও জানা যায়নি।

উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন এশিয়া পোস্টকে বলেন, পুলিশ সুপার সরেজমিনে ঘটনাস্থলে আসছেন। তিনি আসার পর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি যাচাই করে বিস্তারিত জানানো হবে।

নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে বলেন, ৫ আগস্টের সময় থানা থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও ম্যাগজিন লুট হয়ে গিয়েছিল। এর মধ্যে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও বেশ কিছু গুলি মসজিদের ভেতরে পাওয়া গেছে। যারা এগুলো নিয়েছিল, পুলিশের অভিযানের ভয়ে হয়তো তারা মসজিদের তাকের ওপরে রেখে গেছে।

তিনি আরও বলেন, মসজিদের ইমাম বিষয়টি থানাকে জানিয়েছেন। পরে আড়াইহাজার থানার পুলিশ সদস্যরা গিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় জিডি গ্রহণ করা হবে। জিডির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এখন এ ঘটনায় মামলা হয়নি, তাই প্রাথমিকভাবে জিডি করার প্রক্রিয়া চলছে।