logo

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর
ভিমরুলের কামড়ে শিশু রেদোয়ানের মৃত্যুর পর ঝালকাঠির মকরমপুর গ্রামে তার নানাবাড়ির সামনে সমবেত গ্রামবাসী। ছবি : এশিয়া পোস্ট

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ হারিয়েছে তিন বছর বয়সি শিশু রেদোয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রেদোয়ান ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের আসাদুল ইসলাম ও রিতা দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নানাবাড়িতে বেড়াতে আসে রেদোয়ান। দুপুর ২টার দিকে সে নানার বাড়ির দক্ষিণ পাশে খেলছিল। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০ হাত দূরে একটি ভিমরুলের বাসার কাছে গেলে কয়েকটি ভিমরুল তাকে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন স্থানে হুল ফুটিয়ে দেয়। শিশুটির চিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে যান তার নানি জোসনা বেগম। নাতিকে উদ্ধার করতে গিয়ে তাকেও ভিমরুলের আক্রমণের শিকার হতে হয়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। বিকেলে রেদোয়ানকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান (সানি) বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।