জমি দখল করতে না পেরে কৃষানির ভুট্টাক্ষেত ধ্বংস, থানায় অভিযোগ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষানি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আদিতমারী থানায় এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষানি শাহনাজ বেগম। তিনি আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ভেটেশ্বর গ্রামের মোবারক হোসেনের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২০ সালে ভেটেশ্বর গ্রামে ৩০ শতাংশ জমি দলিলমূলে কেনেন মোবারক হোসেন। চাকরির সুবাদে তিনি ঢাকায় অবস্থান করায় সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে থাকেন স্ত্রী শাহনাজ বেগম। স্বামীর কেনা ওই ৩০ শতাংশ জমিতে নিজ হাতে ভুট্টা রোপণ করেন শাহনাজ এবং সন্তানের মতোই ক্ষেতের যত্ন নেন।
প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ভুট্টাক্ষেতে পরিচর্যা করতে গিয়ে দেখেন, দুর্বৃত্তরা তার খেতের ভুট্টা গাছ উপড়ে ফেলে নষ্ট করেছে। পরম যত্নে গড়ে তোলা খেতের এ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন শাহনাজ বেগম। এতে তার ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় বিচার চেয়ে ভাসুর মশিয়ার হোসেন ও জা ফারজানা আক্তারের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত শাহনাজ বেগম।
শাহনাজ বেগম বলেন, স্বামীর কেনা জমি জবরদখল করতে বিভিন্ন সময় হুমকি দিতেন আমার ভাসুর মশিয়ার ও তার স্ত্রী। জমি দখল করতে না পেরে তারা আমার খেতের ভুট্টা উপড়ে এত বড় ক্ষতি করেছে। আমি এদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
অভিযুক্ত মশিয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

